মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক (এস আই) আহত হয়েছেন। এ ঘটনায় অপু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে শাহেদ ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন মাদক কারবারিদের ধাওয়া করে অপু নামে এক যুবককে আটক করা হয়।
আটকের সময় অপু তার হাতে থাকা ছুরি দিয়ে এস আই রাকিবুল ইসলামের বাম হাতে আঘাত করেন। এতে তিনি আহত হন।
এ সময় ঘটনাস্থলে থাকা অন্য দুজন পালিয়ে গেলেও অপুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে আহত এস আই রাকিবুল ইসলামকে শালিখা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
আটক অপু উপজেলার হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে। এ লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছিল।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
স্টাফরিপোর্টার ( মাগুরা)। 









