ফরিদপুরের মধুখালীতে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার লক্ষণদিয়া গ্রামে আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত বাটারফ্লাই স্কুলের কোমলমতি সুবিধাবঞ্চিত শিশু, নারী ও পুরুষ রোজাদারদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তাদের নিজস্ব ভবনে প্রবাসী ডাক্তার মোশারফ হোসেনের অর্থায়নে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে শতাধিক শিশু এবং শতাধিক নারী-পুরুষ রোজাদার অংশগ্রহণ করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এ ইফতারের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ ওমর ফারুক সম্রাট, সহ-সভাপতি তানিয়া হাসান তামান্না, বিশিষ্ট সমাজসেবক আতিয়ার রহমান আকাশ, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাগরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান সমন্বয়ক মোঃ ওমর ফারুক সম্রাট বলেন, “আমাদের ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় পরিচালিত বাটারফ্লাই স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের ২০১৫ সাল থেকে বিনামূল্যে বই, খাতা, কলম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে। তাদের কথা বিবেচনা করে প্রতিবছরই আমরা ইফতারের আয়োজন করে থাকি।”
পার্থ রায়। 








