মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দক্ষিন শাকরাইল আক্কেলের বাড়ীর ঘাটে খালের উপর সেতু নির্মাণকাজে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে শিবালয় থানাধীন দক্ষিণ শাকরাইল গ্রামের আক্কেলের বাড়ির ঘাট খালের উপর নির্মাণাধীন একটি ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটে ।
পুলিশ সূত্রে জানা যায়, এম.এ.এইচ কনস্ট্রাকশন লিমিটেডের অধীনে চলমান ব্রীজ নির্মাণকাজের ম্যানেজার বাদী হিসেবে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ব্রীজ নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই ধৃত আসামিসহ এজাহারনামীয় অন্যান্য আসামিরা বিভিন্ন সময় ঘটনাস্থলে এসে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাদী ও শ্রমিকদের খুন ও গুরুতর জখম করার হুমকি দেয় এবং কাজ বন্ধ করে দেওয়ার ভয় দেখায়। প্রাণনাশের আশঙ্কায় বাদী পূর্বে একাধিকবার বিভিন্ন অঙ্কের টাকা চাঁদা দিতে বাধ্য হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার দিন রাতে ধৃত আসামিসহ অন্যান্য অভিযুক্তরা নির্মাণ শ্রমিক জিহাদকে ব্রীজের উপর ডেকে নিয়ে অন্যায়ভাবে আটক করে এবং তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। দীর্ঘ সময় জিহাদ ফিরে না আসায় অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছায়। তখন শ্রমিকরা জানায়, তাদের কাছে এত টাকা নেই এবং পরদিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবিকৃত চাঁদার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এতে অভিযুক্তরা সন্তুষ্ট না হয়ে শ্রমিকদের সঙ্গে মারমুখী আচরণ করে। বিষয়টি মোবাইল ফোনে বাদীকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে অভিযুক্তরা বাদীকেও ভয়ভীতি দেখিয়ে পুনরায় এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। স্থানীয়রা একজনকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আকাশ বিশ্বাস ওরফে সবুজ (২০)। তার পিতা মোঃ হাসান বিশ্বাস ও মাতা রেনু বেগম। তিনি যমুনাবাদ গ্রামের বাসিন্দা।
এছাড়া মামলার এজাহারনামীয় অন্যান্য অভিযুক্তরা হলেন— মোঃ অনিক (২৫), পিতা: আব্দুল খালেক প্রামাণিক, মাতা: আজিফা বেগম, গ্রাম: শাকরাইল (নতুন বাজার), মোঃ দাউদ (২৫), পিতা: মৃত সিদ্দিকুর রহমান, মাতা: কুলসুম বেগম, গ্রাম: শাকরাইল (খোলা বাড়িয়া), আব্দুস সামাদ (৩০), পিতা: মৃত খলিল, গ্রাম: হাফেজ নগর, রিফাত (২২), পিতা: আবুল মাদবর, গ্রাম: দক্ষিণ শাকরাইল, পংকজ (২৮), পিতা: অজ্ঞাত, গ্রাম: রূপসা সর্বশেষ ঠিকানা: থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ।
এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৫ এবং জিআর নম্বর-২৭ (তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬)। মামলাটি দণ্ডবিধির ৩৪২/৩৮৫/৩৮৬ ধারায় দায়ের করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় ছয়জন ও অজ্ঞাতনামা ৪/৫ জন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ আরও জানায়, সেতু নির্মাণকাজে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষঃ
মানিকগঞ্জে সেতু নির্মাণকাজে চাঁদাদাবির অভিযোগে যুবক গ্রেফতার
-
মানিকগঞ্জ প্রতিনিধি - Update Time : ০৯:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- ৩০ Time View
Tag :









