মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ রেজাউল করিম নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গিয়ে সাইদুল হাওলাদার নামে একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানা যায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ রেজাউল করিমের বসতবাড়ির জমি নিয়ে স্থানীয় সাইদুল খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার গভীর রাতে সাইদুল খানের নেতৃত্বে চুন্নু ফকিরসহ কয়েকজন মিলে রেজাউল করিমের মুদির দোকানে হামলা ও ভাংচুর চালায়। এ সময় রেজাউল করিমের স্বজন সাইদুল হাওলাদার বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রেজাউল করিম অভিযোগ করে বলেন, “সাইদুল খান, শহীদ খান ও চুন্নু ফকিরসহ তাদের দলবল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা ও লুটপাট চালিয়েছে। বাধা দেওয়ায় আমার আত্মীয়কে কুপিয়ে আহত করা হয়েছে। এছাড়া অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।” তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাইদুল খান বলেন, “আমরা হামলার বিষয়ে কিছু জানি না। ঘটনার সময় আমি বা শহীদ খান কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।”
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষঃ
কালকিনিতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের দোকানে হামলা-লুটপাট, আহত ১
-
কালকিনি,ডাসার (মাদারীপুর)প্রতিনিধি: - Update Time : ০৪:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- ৫২ Time View
Tag :
Daily Janatar Sangram আহত ১ কালকিনিতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের দোকানে হামলা-লুটপাট দৈনিক জনতার সংগ্রাম
Popular Post










