প্রতিবেদক: শাহীনুল হক।
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. আজিজ (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার হেফাজতে থাকা ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে, রবিবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার চারাবাগ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. আজিজ গাইবান্ধা জেলার সাধুল্লাহপুর থানার জামালপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার মন্ডলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে চোলাই মদের ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়া অঞ্চলে মাদক ব্যবসায়ী ও চোলাই মদ উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে গোয়েন্দা পুলিশ। এ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজিজকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি এসব মদ স্থানীয়ভাবে বিক্রি করতেন এবং আশপাশের এলাকায় তার একটি ক্রেতা চক্রও গড়ে উঠেছিল।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, আটক আজিজের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 



















