দেশের চারটি অঞ্চলে আজ শুক্রবার দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সকাল ৭টা থেকে আগামী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও লক্ষ্মীপুরে সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
অনলাইন ডেস্ক : 



















