আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি সেই নির্বাচনকে সামনে রেখে দেশের সব ইউনিটে প্রস্তুতি শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছি।”
তিনি আরও বলেন, “যেসব রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে ছিল, সেই আসনগুলোতে আমরা প্রার্থী দিইনি। ঐসব আসনে তারা নিজেদের প্রার্থী ঘোষণা করবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
অনলাইন নিউজ ডেস্ক : 
















