বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে একটি অভ্যর্থনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার গঠিত এ কমিটিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-কে আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভ্যর্থনা কমিটিতে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের সম্পাদকদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারেক রহমানের আগমন ঘিরে করণীয় নির্ধারণে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাকে স্বাগত জানাতে নেওয়া সামগ্রিক কর্মপরিকল্পনা ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা।
এর আগে ১৫ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে কীভাবে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে এভারকেয়ার হাসপাতাল-এ যাবেন, যেখানে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র। উল্লেখ্য, ওই বাসার পাশের ‘ফিরোজা’য় দীর্ঘদিন ধরে বসবাস করছেন বেগম খালেদা জিয়া।
নিউজ ডেস্ক : 









