মানিকগঞ্জ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গরু চড়ানোকে কেন্দ্র করে সংঘটিত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা ও স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুর রহিম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— ১. মো. সালাম (২৫), ২. মো. সালাম (২৬), ৩. মো. শামীম (৪৫), ৪. মো. সালাম ও ৫. সুফিয়া বেগম (৭০)। তারা সবাই মানিকগঞ্জ সদর থানার জয়রা এলাকার বাসিন্দা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে বাদীর পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত রোববার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে বাদীর পরিবারের একটি গরু বিবাদীদের জমির পাশ দিয়ে যাওয়ার সময় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।
হামলায় বাদীর মা সুফিয়া বেগম, স্ত্রী শিখা (২৮) এবং বাদী মো. আব্দুর রহিম নিজে গুরুতর আহত হন। হামলাকারীদের লোহার পাইপ ও লাঠির আঘাতে বাদীর স্ত্রীর বাম পায়ের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় হামলাকারীরা বাদীর মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। যাওয়ার সময় অভিযুক্তরা মামলা না করার জন্য হুমকি দেয় এবং পরবর্তীতে আইনগত পদক্ষেপ নিলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে ভয়ভীতি প্রদর্শন করে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : 









