প্রতিবেদক: শাহীনুল হক।
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান। এর আগে, শনিবার দিবাগত রাত ২টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকার ১নং গলি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকার আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকার মো. সোবহান মাতবরের ছেলে মো. খোকন মিয়া (৩৭), আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া এলাকার ১নং গলির মো. আবুল বাশারের ছেলে মো. ইব্রাহীম হোসেন তমাল (৩২) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গনিপুর মন্ডলপাড়া এলাকার মো. আবুবকর সিদ্দিকের ছেলে মো. রাকিব হোসেন রিদয় (২৭)।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কুরগাঁও এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। পরে উক্ত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 



















