মানিকগঞ্জের ঘিওরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর রডের আঘাতে মোজাফফর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর ওই গ্রামের হেকমত আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে মোজাফফরের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। দুপুরে রহমান সীমানার খুঁটি তুলতে গেলে বাধা দেন মোজাফফর। এতে ক্ষিপ্ত হয়ে মোজাফফরকে রড দিয়ে পেটান। এসময় ঘাড়ে রড দিয়ে আঘাত করলে প্রাণ হারান মোজাফফর। ঘটনার পর পরিবারের সদস্যসহ পালিয়ে গেছেন আব্দুর রহমান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানিকগঞ্জ প্রতিনিধি 









