মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের হেফাজত থেকে মাহিম নামের এক যুবক হাতকড়া পরা অবস্থায় চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশ তাকে পুনরায় আটক করতে সক্ষম হয় বলে জানা গেছে। প্রেমঘটিত একটি অভিযোগের তদন্তে তাকে আটক করা হয়েছিল।
গত শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আন্ধারমানিক এলাকায় প্রেমঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে মাহিমের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন এসআই মোড. ফারুক শেখকে দায়িত্ব দেন।
এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে এসআই মো. ফারুক শেখের নেতৃত্বে কনস্টেবল মো. নজরুল ইসলাম ও কনস্টেবল শফিকুল ইসলাম যৌথভাবে অভিযান চালিয়ে আন্ধারমানিক দড়িকান্দি এলাকার আলমাছের ছেলে মাহিমকে তার বাড়ি থেকে আটক করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটকের পর মাহিমকে থানায় নিয়ে আসার সময় আন্ধারমানিক বাজার এলাকায় পৌঁছালে তিনি পুলিশ বহনকারী গাড়ি থেকে আকস্মিক লাফ দিয়ে পালিয়ে যান। সে সময় তার হাতে হাতকড়া পরিহিত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পরপরই মাহিমকে গ্রেফতারে হরিরামপুর থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান শুরু করে।
এদিকে এ ঘটনায় পুলিশের বক্তব্যে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও হরিরামপুর থানার এসআই মো. ফারুক শেখ দাবি করেন, মাহিমকে আটক করার সময় তিনি পালিয়ে যান এবং তখন তার হাতে হাতকড়া ছিল না। পরবর্তীতে তাকে পুনরায় আটক করে থানায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
নিজস্ব প্রতিবেদক : 



















