দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল প্রতিপাদ্য ছিল— ‘আমরা শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগ কীভাবে সফলভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে বাস্তবধর্মী ও আকর্ষণীয় মহড়া প্রদর্শন করে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) , জাহাঙ্গীর আলম বিশ্বাস সভাপতি, মানিকগঞ্জ প্রেসক্লাব
কর্মসূচিতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 









