যানবাহন পারাপার ও যাত্রীসেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে দেশের নৌরুটগুলোতে আরও ৬টি নতুন ফেরি সংযোজন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বুধবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও আরিচা ফেরি-লঞ্চ ঘাট পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, নতুন ফেরি সংযোজনের মাধ্যমে নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহন আরও গতিশীল হবে। তবে এটি দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্ট নয়। ফেরিঘাটগুলো আধুনিকায়নের পরিকল্পনা সরকারের রয়েছে, তবে বাস্তবায়নে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও অর্থায়ন।
পাটুরিয়া ১ ও ২ নম্বর ফেরিঘাট বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে এ বিষয়ে তিনি অবগত আছেন বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ঘাট দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘাট পরিদর্শনের সময় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উল্লাহ, মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মো. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনের পর নৌপরিবহন উপদেষ্টা আরিচায় বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেজ অফিস পরিদর্শন করেন।
মানিকগঞ্জ প্রতিনিধি 









