বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত এবং সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে আলফাডাঙ্গা থানা পুকুরসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে রুই, বাটা, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে পৌর সদরের বাঁকাইল ঈদগাহ সড়ক এবং আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা বোর্ড অফিস সংলগ্ন এলাকায় কৃষ্ণচূড়া, মেহগনি ও পাহাড়ি নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনকল্যাণ ও পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জলাশয়ে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহমদ আলী সিকদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান বাচ্চু এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী জিসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচিতে নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ, জীববৈচিত্র্য ও জনকল্যাণকে গুরুত্ব দিয়ে আয়োজিত এ উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 



















