রাজবাড়ীর বালিয়াকান্দিতে কোম্পানির ভ্যানগাড়ি রেখে নিখোঁজ হওয়া রেডিয়েন্ট কেয়ার কোম্পানির ডেলিভারি ম্যান শাওনকে (২৬) উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানায় পুলিশ।
শাওন রাজবাড়ী সদর উপজেলার বেপারীপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম পাষাণ। তিনি রেডিয়েন্ট কেয়ার কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো কোম্পানির পণ্য সরবরাহ করতে রাজবাড়ী থেকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় আসেন শাওন। বিভিন্ন দোকানে কোম্পানির ৫৫টি আইটেমের পণ্য সরবরাহ শেষে রাজবাড়ীতে ফেরার পথে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ইসলামপুর ইউনিয়নের গাইজেরগাড়া ব্রিজের কাছে তাঁর ব্যবহৃত ভ্যানগাড়িটি পড়ে থাকতে দেখা যায়। তবে সেখানে শাওনকে পাওয়া যায়নি।
এ ঘটনায় তাঁকে খুঁজে না পেয়ে উদ্বেগ তৈরি হয়।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। এ সময় স্থানীয় লোকজনও পুলিশকে সহযোগিতা করেন।
পরে ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে শাওনকে উদ্ধার করে পুলিশ।
তাঁর নিজের বক্তব্য ও পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, পারিবারিক সমস্যার কারণে তিনি কোম্পানির ভ্যানগাড়ি রেখে স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন।
শাওনকে উদ্ধারের মধ্য দিয়ে তাঁর নিখোঁজ থাকার ঘটনার অবসান হয়েছে।
মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ 









