প্রতিবেদক : শাহীনুল হক।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছানোর পরপরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রীর গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে।
স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর ভুটানের প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এসময় রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মো. রেজাউল করিম ও ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
পরে ভুটানের প্রধানমন্ত্রী সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর ও স্মৃতিসৌধের প্রাঙ্গণে একটি বকুলের চারা রোপণ করেন। প্রায় ২০ মিনিট অবস্থান শেষে ঢাকার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন ভুটানের প্রধানমন্ত্রী। এর আগে আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে ভুটানের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
Reporter Name 


















