ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে থেকেই বিভিন্ন বয়সী ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণ। সকাল ১১টায় সম্মিলিত জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় ভক্তদের ধর্মীয় স্লোগান ও উৎসবের আবহে পুরো এলাকায় সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা-অর্চনা। পাশাপাশি ছিল মহাপ্রসাদ বিতরণ, গীতা পাঠ ও প্রতিযোগিতা, লীলামৃত পাঠ ও প্রতিযোগিতা, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বালন প্রতিযোগিতা।
এ ছাড়া দিনব্যাপী ধর্মীয় সংগীতানুষ্ঠান ও শ্রীকৃষ্ণের পূজা-অর্চনার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
আলফাডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দের মধ্য দিয়ে এবারের আয়োজন সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।”
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মানবেন্দ্র সাহা, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু, কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের সভাপতি শ্রী নিত্য গোপাল মণ্ডল, সাধারণ সম্পাদক শ্রী নিখিল কুমার কুণ্ডু, প্রভাষক দুলাল কুমার বিশ্বাসসহ বিপুলসংখ্যক ধর্মীয় ভক্ত উপস্থিত ছিলেন।
দিনব্যাপী পূজা-অর্চনা, আনন্দ শোভাযাত্রা, ধর্মীয় পাঠ, নানা প্রতিযোগিতা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে আলফাডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথির আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত ধর্মীয় উৎসবে।

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 



















