প্রতিবেদক :শাহীনুল হক।
আশুলিয়ায় অভিযান চালিয়ে নকশা বহির্ভূত নির্মাণাধীন ৫টি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ৩টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের বাসাইদ কুমকুমারী বাজার সংলগ্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজউকের অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় অভিযান পরিচালনা করে ৫টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে। এ সময় তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণের জন্য নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এর আগে তাদের এ ব্যাপারে সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয় বলেও জানান তিনি।
যাদের ভবনের বর্ধিতাংশ ভাঙা হয়েছে তারা হলেন- মো. রতন মিয়া, হাবিবুর রহমান, আলীম, সোহাগ হোসেন খোকন ও শফিকুল ইসলাম সিয়াম। এদের বারান্দার কার্নিশ, কারও ছাদের অংশবিশেষ, কারও কলামের রড অপসারণ সহ নির্মিত অংশ ভেঙ্গে ফেলা হয়। তবে ভুক্তভোগীদের মধ্যে অনেকেই জানান তারা রাজউক হতে এ ব্যাপারে কোন নোটিশ পায়নি।
অভিযানে এ সময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার মেহেদী হাসান খান, ইমারত পরিদর্শক মিন্টু মিয়াসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
Reporter Name 









