শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান (৭) ও ইসমাইল (৮) নামের দুই শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।
নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যদিকে ইসমাইল ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতদের পরিবার ও স্বজনরা জানান, রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে সোমবার ভোরে স্থানীয় লোকজন একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, ওই দুই শিশু মাঝেমধ্যে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে যেত। সাঁতার না জানার কারণে অসাবধানতাবশত পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, এই মর্মান্তিক ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেরপুর প্রতিনিধি : 

















