মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ। রোববার বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ আলম তাকে সভাপতির দায়িত্ব বুঝিয়ে দেন।

এর আগে গত ২৮ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। আগামী বছরের ৬ এপ্রিল পর্যন্ত এই কমিটির বহাল থাকবে।
সভাপতির দায়িত্ব গ্রহণের আগে আলী আশরাফকে কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর কলেজের বিষয়ে শিক্ষকদের সঙ্গে নবনিযুক্ত সভাপতি আলোচনা সভা করেন।
এ সময় অধ্যক্ষ খোরশেদ আলমের সঞ্চালনায় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক আষোতোশ রায়, এ এইচ এন ওমর ফারুক, মনোরঞ্জন মন্ডল, জৈষ্ঠ প্রভাষক আমিনুল ইসলাম, জাকারিয়া হোসেন ও মনিরা বেগম আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহব্বায়ক এড. সেলিম আল্দীন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাকিবুল হাসান রাকিব, জেলা মোটরচালক দলের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক হৃদয় খান, মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব আব্দুল মোতালেব ও সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভাপতির দায়িত্ব নিয়ে আলী আশরাফ বলেন, “আপনাদের দ্বারাই জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয়। আমি এখানে বৈষম্য সৃষ্টি করতে আসিনি। আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে আস্বস্ত করছি, আমি প্রতিষ্ঠানে দিতে এসেছি, নিতে নয়।”
আওয়ামী লীগ সরকারের সময় এই কলেজে কোনরকম উন্নয়নমূলক কাজ হয়নি উল্লেখ করে কেন্দ্রীয় যুবদলের সাবেক এই নেতা বলেন, কলেজের সুনাম ফিরিয়ে আনতে সকল শিক্ষক, মানিকগঞ্জ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্যদের সঙ্গে নিয়ে আমি কাজ করতে প্রস্তুত।”
সভায় কলেজের শিক্ষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে নবনিযুক্ত সভাপতির নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নের কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন।
Reporter Name 


















