দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি এবং নৌকা বাইচের মতো আনন্দ উৎসবের আয়োজন থেকেও বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন এমপি আরও বলেন, “আনিসুর রহমান তালুকদার খোকন সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছেন বলেই আজকে এই সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এবং তিনি চমৎকার এ অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন।”
বাঙালির লোকজ ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি যোগ করেন, “নৌকা বাইচ আমাদের শতবছরের এক প্রাণের ঐতিহ্য, যা বিগত দিনে প্রায় হারিয়ে যেতে বসেছিল। অতীতে সাধারণ মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দের সাথে এই বাইচ উপভোগ করতেন তা আমরা দেখেছি। খোকন তালুকদার কালকিনিতে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরিয়ে এনেছেন।”
এর আগে নৌকা বাইচ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি। এছাড়া বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা চলাকালে আড়িয়াল খাঁ নদীর দুই কূলে হাজার হাজার উৎসুক জনতার ঢল নামে। দর্শকদের করতালিমুখর ও আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতাটি শেষ হয় এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বি.এম. হানিফ,কালকিনি ও ডাসার প্রতিনিধিঃ 


















