সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে বিদায় নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। দায়িত্ব পালনের স্বল্প সময়েই তিনি জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, দ্রুত সরকারি সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার মাধ্যমে আলফাডাঙ্গাবাসীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।
বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে উপজেলা প্রশাসনের আয়োজনে তাকে আন্তরিক ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।
গত ২০২৫ সালের ২ ডিসেম্বর আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রিফাত নূর মৌসুমী। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনমুখী করতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেন। উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, প্রশাসনিক সেবায় জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের সমস্যার দ্রুত সমাধানে তিনি নিরলসভাবে কাজ করেন। তার অমায়িক আচরণ, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতা খুব অল্প সময়েই তাকে উপজেলার সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত করে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রিফাত নূর মৌসুমী দায়িত্ব পালনকালে একজন দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। উন্নয়ন কর্মকাণ্ডে তার নেতৃত্ব, দায়িত্ববোধ এবং মানবিক আচরণ আলফাডাঙ্গাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তার ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত রিফাত নূর মৌসুমী বলেন, “আলফাডাঙ্গার মানুষের অকৃত্রিম ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের যে সম্মান ও সহযোগিতা পেয়েছি, তা আমি সারাজীবন হৃদয়ে ধারণ করব। আলফাডাঙ্গার মানুষের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।
অনুষ্ঠানের শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও রিফাত নূর মৌসুমীর হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

















