জনগণের আস্থা ও সমর্থন সরকারের শক্তির মূল ভিত্তি। যতদিন দেশের মানুষের সমর্থন থাকবে, ততদিন কোনো প্রতিবন্ধকতাই সরকারকে তার লক্ষ্যপূরণ থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ডপ্রাপ্ত নারীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। দেশের উন্নয়ন ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগান সামনে রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে স্থানীয় নারীদের সঙ্গে কথা বলে ফ্যামিলি কার্ডের কার্যকারিতা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। উপকারভোগী পারুল আখতার জানান, এই কার্ডের সুবাদে তার পরিবারের আর্থিক চাপ কমেছে এবং সংসার চালানো সহজ হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে গৌরনদী এলাকায় প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় রয়েছে। পর্যায়ক্রমে এই সুবিধার বাইরে থাকা পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করা হবে। সরকারের লক্ষ্য হলো আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশের প্রায় ৪ কোটি পরিবারে নারী প্রধানের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তা নয়, বরং নারীদের শিক্ষা, সক্ষমতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনেও দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে সরকারপ্রধান বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহ্যকে সমুন্নত রেখে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কার্যক্রমে জনগণের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
নিউজ ডেস্ক: 


















