ঈদুল আজহাকে সামনে রেখে ভর্তুকিমূল্যে বিক্রি করা পণ্যের দাম বড় পরিসরে বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিশেষ করে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩৫ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনিতে ১৫ টাকা মূল্যবৃদ্ধি হয়েছে।
বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ মে) থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য টিসিবির ভর্তুকিমূলক পণ্য বিক্রির কার্যক্রম শুরু হবে।
সংশোধিত মূল্য অনুযায়ী:
- সয়াবিন তেল প্রতি লিটার: ১৩৫ টাকা (আগে ছিল ১০০ টাকা)
- মসুর ডাল প্রতি কেজি: ৮০ টাকা (আগে ছিল ৬০ টাকা)
- চিনি প্রতি কেজি: ৮৫ টাকা (আগে ছিল ৭০ টাকা)
বর্ধিত এই মূল্যে কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও ঈদ উপলক্ষে বিশেষ ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন, তবে সকলকেই গুণতে হবে অতিরিক্ত মূল্য।
টিসিবি জানায়, দেশব্যাপী প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, বিভাগীয় শহরগুলোতে ১০টি করে এবং ৫৬টি জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে। এই কার্যক্রম চলবে ২২ মে থেকে ৩ জুন পর্যন্ত, শুক্রবার ও সরকারি ছুটির দিনসহ।
দাম বাড়ানোর বিষয়ে টিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারের দেওয়া ভর্তুকি কিছুটা কমিয়ে বাজারদরের সঙ্গে সমন্বয়ের চেষ্টা চলছে। তিনি বলেন, “বাজারে সয়াবিন তেলের দাম বাড়ায় তা টিসিবির বিক্রয়মূল্যেও প্রভাব ফেলেছে।”
এছাড়াও, ঈদ উপলক্ষে চাহিদা বেশি হওয়ায় নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য বিক্রির এ কার্যক্রম চালু থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
নিউজ ডেস্ক : 









