প্রতিবেদক : শাহীনুল হক।
অনুমতি ছাড়াই আবারও শুরু হয়েছে সাভারের গেন্ডা এলাকার ইমুর বালুর মাঠে স্থগিত হওয়া সেই মেলার কার্যক্রম। ‘অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলা–২০২৫’র নাম পরিবর্তন করে এবার চালু করা হয়েছে “লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫”।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর থেকে ‘নতুন একটি সংগঠনের’ পরিচয় ব্যবহার করে কয়েকজন যুবক মেলার স্টল ও বাহারি সাজসজ্জার কার্যক্রম শুরু করে। যদিও মেলাটির অনুমোদন এখনো জেলা প্রশাসন থেকে নবায়ন করা হয়নি।
আ.লীগ নেতার তত্ত্বাবধানে পরিচালনার অভিযোগ
স্থানীয়দের অভিযোগ—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাভার পৌর কমিটির সহ-সভাপতি ও ছাত্র জনতা হত্যা মামলার আসামি বাবুল মিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে মেলাটি পরিচালনা করছে এনসিপি পরিচয়ধারী একদল লোক।
বাবুল মিয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও মেলা পুনরায় চালুর বিষয়টি উল্লেখ করেছেন বলে দাবি করেন এলাকাবাসী।
এর আগে মেলাটি শুরু হলেও নিয়মবহির্ভূত ও অসামাজিক কার্যক্রমের অভিযোগে মাত্র এক সপ্তাহের মাথায় প্রশাসন মেলা বন্ধ করে দেয়। মাসব্যাপী আয়োজনের কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়।
বন্ধ হওয়ার পরও আয়োজক কমিটির লোকজন বিভিন্ন উপায়ে মেলা পুনরায় চালুর চেষ্টা চালিয়ে আসছিলেন বলে জানান স্থানীয়রা। এবার শুধু নাম পরিবর্তনের কৌশল ব্যবহার করে মাঠ দখল করে কার্যক্রম চালু করা হয়েছে।
পরীক্ষার আগে মেলার উচ্চ শব্দে উদ্বেগ:
ডিসেম্বরের শুরুতেই বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হবে। স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও জনসাধারণ আশঙ্কা প্রকাশ করে বলেন—মাইকে উচ্চ শব্দ, যানজট, রাতের বেলা ভিড়, বিশৃঙ্খল পরিবেশ
এসব কারণে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
প্রশাসনের সতর্কতা :
প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান—
“অনুমতি ছাড়া কোনো মেলা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, অবৈধ মেলা বন্ধ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা রক্ষা করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
Reporter Name 


















