জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন মুহাম্মদ রাকিব। রোববার (৩০ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগপত্রে রাকিব উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য এবং এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক ছিলেন।
তিনি লিখেছেন, এনসিপি শুরু থেকেই রাজনৈতিকভাবে ভুল পথে এগোচ্ছে। গণ–অভ্যুত্থানের শক্তি হিসেবে অনেক তরুণ দলটিতে যুক্ত হলেও এনসিপি এখন আর আন্দোলনভিত্তিক রাজনীতি না করে ব্যক্তিকেন্দ্রিক ও মন্ত্রিপাড়া নির্ভর রাজনীতিতে লিপ্ত হয়েছে, যা একটি রাজনৈতিক সংগঠনের শিষ্টাচার ও কাঠামোর সঙ্গে অসঙ্গত।
রাকিব অভিযোগ করেন, এনসিপির অনেক নেতা আর্থিক অনিয়মসহ নানা অপকর্মে জড়িত হচ্ছেন, যা গণ–অভ্যুত্থানের আদর্শ ও জনআকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত।
তিনি আরও বলেন, সম্প্রতি আল্লাহকে নিয়ে কটূক্তিকারী এক বাউল শিল্পীর পক্ষে এনসিপির কিছু কঠোর ইসলামবিদ্বেষী নেতার অবস্থান নেওয়া ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছে। পাশাপাশি পশ্চিমা স্বার্থ বাস্তবায়নের চেষ্টা দলটির বিভিন্ন কর্মকাণ্ডে স্পষ্ট হয়ে উঠেছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।
সবশেষে রাকিব জানান, জনগণের রাজনীতি থেকে সরে গিয়ে ব্যক্তিগত এজেন্ডায় পরিচালিত হওয়ায় তিনি এনসিপির প্রাথমিক সদস্য পদ এবং কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : 









