মাদারীপুরের কালকিনি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। আজ উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন আটক করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও, খাসের হাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানের খবর টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত অপরাধীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত ড্রেজারগুলো জব্দ করে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নূর ইসলাম-এর জিম্মায় দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও ব্যাহত থাকবে।

কালকিনি,ডাসার (মাদারীপুর)প্রতিনিধিঃ 
















