ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি হিসেবে বাবু সঞ্জয় কুমার সাহা এবং সহসভাপতি হিসেবে শাহরিয়ার কিরণ নির্বাচিত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মোট ১১টি ভোটের মধ্যে বাবু সঞ্জয় কুমার সাহা ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, সহসভাপতি পদে শাহরিয়ার কিরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সবাই।
নবনির্বাচিত সভাপতি বাবু সঞ্জয় কুমার সাহা উপজেলার উত্তর শিরগ্রাম এলাকার বাসিন্দা এবং বাবু সুভাষ চন্দ্র সাহার ছেলে। অপরদিকে, সহসভাপতি শাহরিয়ার কিরণ গরানিয়া এলাকার বাসিন্দা এবং লুৎফর রহমান ওরফে লেবু মোল্লার ছেলে। উভয়েই এলাকার সুপরিচিত, শিক্ষানুরাগী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাফিল সরদার বলেন, মোট ১১ ভোটের মধ্যে সভাপতি পদে সঞ্জয় কুমার সাহা ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে শাহরিয়ার কিরণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং সার্বিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে। বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নির্বাচিত হওয়ার পর সভাপতি বাবু সঞ্জয় কুমার সাহা বলেন, শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এলাকার গর্ব ও ঐতিহ্যের প্রতীক। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।
সহসভাপতি শাহরিয়ার কিরণ বলেন, শিশুদের জন্য নিরাপদ, সুন্দর ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
তাদের নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতির দক্ষ, দূরদর্শী ও শিক্ষাবান্ধব নেতৃত্বে শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা ও সামগ্রিক মান আরও সমৃদ্ধ হবে এবং বিদ্যালয়টি ভবিষ্যতে সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করবে।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 









