মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিনাজদী গ্রামের মোতালেব মাস্টারের বাড়ি থেকে শেখ বাড়ি পর্যন্ত অতীব গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা পড়ে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করলেও এটি সংস্কার বা পাকাকরণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, মিনাজদী গ্রামের এই রাস্তাটি ওই এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় কোমলমতি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, গর্ভবতী নারী, বয়স্ক ও রোগীদের। বর্ষা মৌসুমে কাদা গড়িয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা এলাকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা দীর্ঘদিন কাঁচা থেকে যাওয়া অত্যন্ত দুঃখজনক। কাঁচা রাস্তাটির কারণে আধুনিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মিনাজদী গ্রামের হাজারও মানুষ।
মিনাজদী গ্রামের বাসিন্দারা অবিলম্বে এ দুর্ভোগ লাঘবে মোতালেব মাস্টারের বাড়ি থেকে শেখ বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য কালকিনি পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

বি.এম. হানিফকালকিনি প্রতিনিধিঃ 



















