মাগুরার মহম্মদপুরে মাদক মামলায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাগর আহমেদ ওরফে সাগর (৪০) নামের এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। প্রায় নয় বছর ধরে পলাতক থাকার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মন্ডলগাতি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সাগর আহমেদ উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক উদ্যোক্তা। তিনি হরেকৃষ্ণপুর গ্রামের মৃত নুর মহম্মদের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি মন্ডলগাতি গ্রামে বসবাস করে আসছিলেন।
মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল মন্ডলগাতি গ্রামে অভিযান চালায়।
এ সময় নিজ বাড়ি থেকে সাগর আহমেদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,২০১৩ সালে পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন সাগর আহমেদ। অভিযোগ রয়েছে,পরিষদে কাজ করার আড়ালে তিনি মাদক কারবারে জড়িয়ে পড়েন।
২০১৮ সালের ১৪ নভেম্বর পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
এরপর দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। স্থানীয় সূত্রে আরও জানা যায় সাগর আহমেদ
বিবাহ করে উপজেলা মন্ডলগাতী গ্রামে বসবাস শুরু করেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাগর আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফরিপোর্টার ( মাগুরা)। 


















