মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী, চামটা ও খাগড়াকুড়ি গ্রামের সর্বস্তরের মানুষের জীবিকা ও ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে ফসলি জমি রক্ষার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজের ওপরে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় কৃষক, নারী ও পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিজমি নষ্ট হলে শুধু কৃষকরাই ক্ষতিগ্রস্ত হবেন না; এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো এলাকার মানুষের জীবন-জীবিকা এবং সার্বিক খাদ্য উৎপাদনের ওপর। তাই যেকোনো মূল্যে এলাকার উর্বর ফসলি জমি রক্ষা করার জোর দাবি জানান তারা।
এ সময় আন্দোলনরত গ্রামবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “তারেক রহমান সাহেব, আমাদের ফসলি জমি রক্ষা করুন, কৃষক পরিবারকে বাঁচান।”
কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতৃত্বকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দাবি আদায় না হলে ফসলি জমি রক্ষার এই আন্দোলন আরও জোরদার করা হবে।
উক্ত মানববন্ধনে পৌলী, চামটা ও খাগড়াকুড়ি গ্রামের সর্বস্তরের জনগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















