মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যুর পর ‘জিন সাপ’ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, শিশুটির মৃত্যুর পর থেকে গ্রামের ১৬ থেকে ১৭ জন ব্যক্তি কথিত ‘জিন সাপের’ কামড়ের শিকার হয়েছেন।
একের পর এক মানুষ আক্রান্ত হওয়ার খবরে গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে ভীতি ও উৎকণ্ঠা। (১৭ সেপ্টেম্বর) ছান্দড়া গ্রামের মিঠুন মোল্যার ১০ বছর বয়সী ছেলে আবির সাপের কামড়ে মারা যায়। আবির স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। শিশুটির মৃত্যুর পর থেকেই গ্রামবাসীর মধ্যে ‘জিন সাপ’ নিয়ে নানা আলোচনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, এরপর গ্রামের বিভিন্ন স্থানে কয়েকজনকে কথিত ওই সাপ কামড় দিয়েছে। এতে আতঙ্ক আরও বেড়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
এ অবস্থায় আতঙ্ক থেকে পরিত্রাণ পেতে শনিবার সকালে গ্রামবাসীর উদ্যোগে এক ধরনের লোকজ ও কবিরাজি আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় এক ফকির-কবিরাজকে এনে গ্রামবাসীর উপস্থিতিতে কথিত ‘গ্রাম বন্ধ’ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় গ্রামবাসীর মধ্যে ছিল কৌতূহল, উৎকণ্ঠা ও আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছান্দড়া ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, তালখড়ি ইউনিয়ন শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক টিপু মণ্ডল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি লাবলু মণ্ডল, অদুৎ মণ্ডল, তাহাজৎ মোল্লা, মহিন উদ্দিন, জেকের আলী, মো. কদ্দুস সর্দার ও বিল্লাল হোসেন সহ অন্যান্যরা।
সাপের কামড়ের ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং স্থানীয় হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এদিকে ছান্দড়া গ্রামে ‘জিন সাপ’ আতঙ্ককে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্টাফরিপোর্টার ( মাগুরা)। 


















