অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা অসচ্ছল ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘এসো আলফাডাঙ্গা গড়ি’। সংগঠনটির উদ্যোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) আলফাডাঙ্গা কলেজ রোডের রিয়াদ ভবনে এ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও পেয়েছেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান পিবিজিএম, পিএসসি। দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ আলম, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) এবং আরামবাগ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. শ্যামল কুমার বিশ্বাস, এমবিবিএস।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান বলেন, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অর্থনৈতিক সংকটের কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র আহ্বায়ক মো. লুৎফর রহমান খান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র মূল লক্ষ্য। চিকিৎসার ব্যয় বহন করতে অক্ষম মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আলফাডাঙ্গার মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মনিরুল হক শিকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার শামচুদ্দিন হাসু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম মহিউদ্দিন আহাম্মেদ, আলফাডাঙ্গা এ. জেড. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদুল ইসলাম এবং তরুণ সমাজসেবক হুমায়ুন কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র যুগ্ম সম্পাদক এম আর রাসেল।
আয়োজকরা জানান, কর্মসূচিতে শুধু চিকিৎসকের পরামর্শই নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়েছে। এতে আর্থিকভাবে অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা হলেও কমেছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে আলফাডাঙ্গার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও বিস্তৃত হবে।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 


















