নদী ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা ও ড্রেজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মাগুরা জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলার শ্রীপুর উপজেলায় মধুমতী নদীতে অভিযান চালিয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রওশন সরদার নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
(৪ নভেম্বর) বুধবার মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল-মান্দারতলা এলাকায় কামারখালী সেতু সংলগ্ন মধুমতী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
সূত্র আরো জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মধুমতী নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটা ও ড্রেজিংয়ের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর তীরবর্তী এলাকার পরিবেশ ও ভৌগোলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছিল।
বিশেষ করে বর্ষা মৌসুমকে সামনে রেখে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের আশঙ্কা বাড়ছিল। এতে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়। অবৈধভাবে বালু উত্তোলন ও অপরিকল্পিত ড্রেজিংয়ের ফলে সৃষ্ট পরিবেশগত ক্ষতি এবং জননিরাপত্তার ঝুঁকি বিবেচনায় নিয়ে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

স্টাফরিপোর্টার ( মাগুরা)। 

















