মানিকগঞ্জের শিবালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, শিবালয় উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গুনি শিক্ষক আঃ খালেক ও উপজেলার অন্যান্য কর্মকর্তাগন। বক্তারা বলেন শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার অন্যতম কারিগর। শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে শিক্ষার মান আরও উন্নত হবে।
বক্তারা আরও বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দিনটি উপলক্ষে শিবালয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

স্টাফ রিপোর্টার: মোঃ জাহাঙ্গীর আলম 











