রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ নতুনচর-আবাসন সড়কের ভাঙন রোধে ব্যক্তিগত অর্থায়নে জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফরিদ আহমেদ আশিক।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নতুনচর-আবাসন সড়কের ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এদিকে আবাসন এলাকাটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হওয়ায় প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কটির ভাঙন দ্রুত প্রতিরোধ করা না হলে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও চলাচলে ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কাজে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেন।
উদ্যোক্তা মো. ফরিদ আহমেদ আশিক বলেন, “স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে নিজ অর্থায়নে জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটির ভাঙন রোধ করে মানুষের চলাচল স্বাভাবিক রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।”
স্থানীয় বাসিন্দারা সড়কটির স্থায়ী সংস্কার ও ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: 



















