ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেছেন, জনগণের কল্যাণই জনপ্রতিনিধির মূল দায়িত্ব। এলাকার মানুষের কথা শুনে তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মহিষারঘোপ বাজারে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে সভায় অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, আলফাডাঙ্গার প্রতিটি এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাটি সঞ্চালনা করেন সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আকতার হোসেন। এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান প্রমুখ।
এ সময় সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

















