বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের ঢাকা বিভাগীয় কমিটিতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার কৃতি সন্তান মো. বেলায়েত হোসেন মাস্টার। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের সভাপতি মো. সুমন ভুঁইয়া।
বেলায়েত হোসেন মাস্টার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতবাড়িয়া-পানাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি নৌযান শ্রমিকদের অধিকার আদায়, কল্যাণ ও সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় ঢাকা বিভাগীয় কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন শক্তিশালী হবে।
বেলায়েত হোসেন মাস্টার বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে নৌযান শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাব। একই সঙ্গে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তাকে ঢাকা বিভাগের প্রধান উপদেষ্টা নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বেলায়েত হোসেন মাস্টার।
তার এ পদপ্রাপ্তিতে টগরবন্দ ইউনিয়নসহ আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে আলফাডাঙ্গার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 


















