মাগুরার শ্রীপুর উপজেলায় বজ্রপাতে সুরুজ মিয়া (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দুর্গাপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার জয়রামপুর গ্রামের গুলজার হোসেনের পুত্র। জীবিকার তাগিদে তিনি শ্রীপুরে দিনমজুরের কাজ করতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাচিলাপুর বাজার থেকে কাজের উদ্দেশ্যে দুর্গাপুর মাঠে পেঁয়াজ তুলতে যান সুরুজ মিয়া। সকাল ১১টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই সময়ে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী গ্রামে বজ্রপাতে চায়না বেগম (৩৯) নামে এক নারী গুরুতর আহত হন। তিনি বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষঃ
মাগুরার শ্রীপুরে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত এক নারী
-
স্টাফরিপোর্টার ( মাগুরা) । - Update Time : ০৬:৪৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- ৭৮ Time View
Popular Post



















