বাগেরহাট সদর উপজেলার লাউপাড়ায় দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ও শতবর্ষ প্রাচীন রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা দড়ি দিয়ে টেনে বের করে আনেন জগন্নাথদেবের রথ। হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহন লাল হালদার, সদস্য সচিব বাবুল হালদার বিপ্লব, যাত্রাপুর রথযাত্রা মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
রথযাত্রাকে কেন্দ্র করে লাউপালায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলা। মেলায় হস্তশিল্প, মিষ্টান্ন, খেলনা, বিনোদন সামগ্রীসহ রয়েছে নানা পণ্যের স্টল। মেলা ঘিরে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ টহল ও প্রশাসনের নজরদারি।
যাত্রাপুর রথ মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদার বলেন, “প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এই উৎসব আমাদের প্রায় চারশ বছরের ঐতিহ্য বহন করে। এবারের আয়োজনেও বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে আমরা আনন্দিত।”
ভক্ত সুধীর কুমার হালদার জানান, “রথ টানা, ভগবানের দর্শন-সবই আত্মিক প্রশান্তি দেয়। প্রতিবছর পরিবার নিয়ে অংশ নিই।”
স্থানীয় গৃহবধূ সাবিত্রী রানী মন্ডল বলেন, “রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সামাজিক উৎসবও। আত্মীয়-স্বজনদের দেখা হয়, বন্ধুত্ব গড়ে ওঠে।”
কচুয়া থেকে আসা কালি প্রসাদ জানান, “ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে আসতাম, এখন সন্তানকে নিয়ে এসেছি। রথ টানতে পারা আমার জীবনের বড় আনন্দ।”
রথযাত্রার সমাপ্তি হবে আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে। আয়োজকরা জানিয়েছেন, পুরো উৎসবজুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ ও ভক্তদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
স্টাফ রির্পোটার, বাগেরহাট : 























