আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মুন্সি বিল্লাল হোসাইন বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য, সৌহার্দ্য ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনের জন্য অনুসরণীয় পথনির্দেশ। মহানবীর আদর্শকে ধারণ করতে পারলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করা সম্ভব।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মিরাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুন্সি বিল্লাল হোসাইন আরও বলেন, আমাদের সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় আদর্শের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা বরকত আলী।
পরে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে একই দিন সকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মুন্সি বিল্লাল হোসাইন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতার শিক্ষা, ন্যায়, শান্তি ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরা হয়। পরে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 


















