বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে ইচ্ছা প্রকাশ করলে সরকার মাত্র এক দিনেই তাকে ট্রাভেল পাস প্রদান করবে—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান লন্ডনে কী ধরনের স্ট্যাটাসে অবস্থান করছেন, সে তথ্য সরকারের কাছে নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তা বাধাগ্রস্ত করবে—এমন সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেন তিনি।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে তাল মিলাতে ভারতের কিছুটা সময় লাগছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের কর্মসম্পর্ক দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
এ সময় তৌহিদ হোসেন আরও জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন বলে জানা গেলেও এ বিষয়ে ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। তাঁকে দেশে ফেরত পাঠানো নিয়েও দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক : 



















