আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক মাধ্যমে পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনটে ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শুক্রবার (২৭ জুন) দুপুরে বন্ধু ও নাট্যকার জাহিদ হাসান সাগর হিরো আলমকে হাসপাতালে নিয়ে আসেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে হিরো আলম ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে যান। গভীর রাতে ঘুমাতে যাওয়ার পর শুক্রবার সকাল ১১টার দিকে জাহিদ তাকে ডাকলেও সাড়া পাচ্ছিলেন না। এ সময় হিরো আলমের বিছানার পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
বন্ধু জাহিদ হাসান সাগর জানান, “হিরো আলম কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিল। ব্যক্তিগত জীবনের নানা হতাশা এবং মানুষের নেতিবাচক মন্তব্যে সে অনেকটাই ক্লান্ত ছিল। কিছু সময়ের জন্য নিরিবিলি থাকতে আমার বাড়িতে আসে।”
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান বলেন, “ঘুমের ওষুধ সেবনের কারণে হিরো আলম অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।”
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আলম বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
হিরো আলম বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক : 


















