ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।
আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার দক্ষিণ গৌরিপুর এলাকার হোসনে আরা বেগম (৫৫), আউকপাড়া এলাকার মো. শফিউল ওরফে শাফি (৪২), ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেল এলাকার মো. রাশেদ (২২) এবং জামালপুরের মাদারগঞ্জের মাদারগঞ্জ এলাকার মো. আরিফ হোসেন (৩১)। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি উত্তরের ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টা ১০ মিনিটের দিকে আশুলিয়ার গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে হোসনে আরা, শফিউল ও রাশেদকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬০ হাজার টাকা।
একই দিন রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরিফ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ হাজার টাকা।
ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে হোসনে আরার বিরুদ্ধে একটি, রাশেদের বিরুদ্ধে দুটি এবং আরিফ হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
প্রতিবেদক: শাহীনুল হক। 


















