বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা মানিকগঞ্জে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ জেলার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (সিএমএ) উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট হিসাববিদ ও পেশাজীবীরা অংশ নেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের গিলন্ড এলাকার মুন্নু ক্যাফেটেরিয়ার ব্যাংকুয়েট হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে মন্ত্রীকে বরণ করে নেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আফরোজা খানম রিতা একজন দক্ষ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের অধিকারী। তাঁর নেতৃত্বে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত নতুন দিগন্তের সূচনা করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
সংবর্ধনার জবাবে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘পর্যটন খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটনের বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘পর্যটন শুধু অর্থনীতির সঙ্গে সম্পর্কিত নয়; এটি একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম মাধ্যম। তাই এ খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করবে।’
মন্ত্রী বলেন, দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে পেশাজীবীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ গোলাম নবী। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এখলাস উদ্দিন, আব্দুল মতিন, ওবায়দুল ইসলাম, মো. কামরুজ্জামান, মতিউর রহমান ও শামসুল হকসহ জেলার বিভিন্ন পর্যায়ের সিএ ও সিএমএ পেশাজীবীরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মন্ত্রী ও উপস্থিত পেশাজীবীদের মধ্যে স্মারক ক্রেস্ট বিনিময় করা হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি : 












