মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ভারারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্দা বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানের মালিক ও তাঁর ছেলেসহ তিনজনের কাছ থেকে স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।
বাধা দেওয়ায় মনোরঞ্জন পাল (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় এক রাউন্ড গুলিও ছোড়ে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
আহত মনোরঞ্জন পাল পূর্ব শানবান্দা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ডাকাতির শিকার হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩) ও তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত পূর্ব শানবান্দা বাজারের স্বর্ণের দোকানে ঢুকে দোকানে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে।
পরে তারা দোকান থেকে স্বর্ণ ও রুপাসহ নগদ টাকা লুট করে নেয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে মনোরঞ্জন পালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, ডাকাতেরা প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় তারা এক রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এক রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : 



















