ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের শামচু মোল্যার ছেলে শামীম মোল্যা (২৫) এবং একই এলাকার মৃত মানোয়ার মোল্যার ছেলে হাসান মোল্যা (৩০)।
পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর কুমার হৈড়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দীঘলবানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শামীম মোল্যার কাছ থেকে দুটি গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং হাসান মোল্যার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 









