রাজধানীর দিয়াবাড়ি থেকে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে অজ্ঞান করে তুরাগ নদীতে ফেলে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার একদিনের মাথায় জিপিএস ট্র্যাকারের সহায়তায় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় একটি গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (১২ জুলাই) রাত প্রায় ৮টার দিকে চার ব্যক্তি ঢাকার দিয়াবাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবেশে ওঠেন। সাভারের বিরুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে তারা চালক সাগর (৩৮) কে অজ্ঞান করে তুরাগ নদীতে ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।
নদীতে মাছ ধরতে থাকা স্থানীয় জেলেরা অচেতন অবস্থায় সাগরকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অটোরিকশায় সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে এর অবস্থান শনাক্ত করে পুলিশ। ওই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সাভার নিউ মার্কেটের পেছনে অবস্থিত আব্বাসের গ্যারেজে অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় গ্যারেজের মালিক আব্বাসকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ মল্লিক বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। জিপিএস ট্র্যাকারের তথ্যের ভিত্তিতে অটোরিকশাটি উদ্ধার এবং গ্যারেজ মালিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। তিনি আরও জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রতিবেদক: শাহীনুল হক। 



















