ঢাকার সাভারে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০ বোতল নিষিদ্ধ ইস্কাপ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে র্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, একইদিন সন্ধ্যায় সাভার পৌরসভার পাকিজা মোড় এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাকিজা কোম্পানির ওয়ার্কার্স ব্যারাকের সামনের ফুটপাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার গোপালপুর এলাকার বাসিন্দা মো. ইউসুফ আলী (২০)।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে বাসযোগে বিপুল পরিমাণ অবৈধ ইস্কাপ সিরাপ ঢাকায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পাকিজা মোড় এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করা হলে ইউসুফ আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮০ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জয়পুরহাট সংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকা থেকে কম দামে অবৈধ ইস্কাপ সিরাপ সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে অধিক মূল্যে বিক্রি করতেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শাহীনুল হক। 



















